মেটলাইফের মহাকাব্য: স্প্যানিশ আর্মাডার খাঁচায় নীল-সাদা অহংকারের নির্মম আত্মসমর্পণ
✍🏽অয়ন চট্টোপাধ্যায়
থিয়েটারের আলো তখন নিভে এসেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম তখন আর কেবল সবুজ ঘাসের ফুটবল মাঠ ছিল না, ওটা রূপ নিয়েছিল আধুনিক গ্ল্যাডিয়েটরদের এক রক্তক্ষয়ী কলোসিয়ামে। যেন স্ক্রিপ্টটা হয়তো কোনো ট্র্যাজিক-থ্রিলার পরিচালকের নিখুঁত হাত দিয়ে লেখা, যেখানে একদিকের গল্পে ছিল লুইস দে লা ফুয়েন্তের নিখুঁত রণকৌশলে স্প্যানিশ আর্মাডার নিষ্ঠুর ডমিনেন্স, আর অন্য প্রান্তে নীল-সাদা শিবিরের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার লড়াই।
📉 দৃশ্য ১: ১৯৬৬-র লজ্জা ও প্রথমার্ধের ব্ল্যাক্-আউট্ ---
ক্যামেরা জুম্ ইন্ করছে মাঝমাঠে। ৬৮% পজিশন আর ৮০৩টি পাসের এক নিখুঁত জ্যামিতিক জাল বুনে চলেছে স্পেন। তারা যেন ফুটবল খেলছে না, মাঠের ক্যানভাসে লাল-হলুদ তুলি দিয়ে আর্জেন্টিনাকে ধীরে ধীরে শ্বাসরোধ করার নীল নকশা আঁকছে। ৯০% পাসিং অ্যাক্যুরেসির সেই স্প্যানিশ টর্নেডোর সামনে আর্জেন্টিনা তখন স্রেফ্ এক কোণঠাসা, অবরুদ্ধ দুর্গ। আক্রমণের পর আক্রমণ ধেয়ে আসছিল—পুরো ম্যাচে স্পেনের নেওয়া ২০টি শট্ যেন ছিল এক অন্তহীন ফায়ারিং স্কোয়াড!
আসলে ফুটবলের এই নির্মম সত্যটা তো ফাইনালের মঞ্চে একদিনে সামনে আসেনি। কেপ্ভার্দের বিরুদ্ধে R32 এর সেই ম্যাচের পর থেকেই আর্জেন্টিনার মিডফিল্ড আর রক্ষণের কঙ্কালসার দশাটা উন্মুক্ত হতে শুরু করেছিল। সময় যত গড়িয়েছে, টুর্নামেন্টের প্রতিটি বাঁক সেই ক্ষতকে আরও চওড়া করেছে। আর আজ, বিশ্বমঞ্চের ফাইনালের সবচেয়ে বড় আলোয় এসে বেরিয়ে পড়ল আলবিসেলেস্তাদের পুরো আক্রমণের কঙ্কালটাই!
পরিসংখ্যানের স্ক্রিনে তখন ভেসে উঠল এক চরম লজ্জার ইতিহাস—১৯৬৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে একটি শটও নিতে ব্যর্থ হলো আর্জেন্টিনা! স্প্যানিশ ডিফেন্সের কড়া খাঁচায় বন্দি নীল-সাদা ব্রিগেড প্রথমার্ধের ৪৫ মিনিটে স্পেনের গোলপোস্টের দিশাই খুঁজে পায়নি। আলবিসেলেস্তেরা কেবল দিক্-ভ্রান্তের মতো দৌড়ে বেড়াল।
🧤 দৃশ্য ২: একাকী প্রহরী, ১১টি বুলেট ও দায়িত্বহীন এনজো ---
আর্জেন্টিনার এই ছন্নছাড়া ম্যাচের একমাত্র ইতিবাচক দিক যদি কিছু থাকে, তবে তা গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এমিলিয়ানো মার্টিনেজ। এই ম্যাচটি অতিরিক্ত সময়ে যাওয়ারই কথা ছিল না, যদি না সেই অবরুদ্ধ দুর্গের শেষ প্রহরী হিসেবে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতেন একজন মনস্তাত্ত্বিক দানব। স্পেনের একেকটি শট্ বুলেট গতিতে ধেয়ে আসছিল আর ডিবু মার্টিনেজ যেন শরীরী ভাষা দিয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করছিলেন।
কিন্তু সেই অনন্য প্রতিরোধকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যাচের ৯০+৩ মিনিটে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন এনজো ফার্নান্দেজ। যখন স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করে নিজের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন, তখন ১০ জনের ক্ষয়ে যাওয়া আর্জেন্টিনার স্পেনের সামনে মাথা নিচু করা স্রেফ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াল।
🕸️ দৃশ্য ৩: ১২০ মিনিটের বোতলবন্দি "মানুষ" মেসি ও একটি মরিয়া চেষ্টা ---
পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার আক্রমণের কঙ্কালসার চিত্র ফুঁটে উঠেছে। সামান্য প্রাপ্তির আড়ালে নির্মম সত্য এটাই যে, পুরো টুর্নামেন্ট জুড়ে ৮টি গোল আর ৪টি অ্যাসিস্টের কাব্য লিখে লিওনেল মেসি ঠিকই নিজের ঝুলিতে পুরেছেন সিলভার বুট ও সিলভার বল। টুর্নামেন্ট জুড়ে তার এই একক অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।
কিন্তু ফাইনালের মেগা মঞ্চে? স্পেনের রক্ষণভাগ ও মিডফিল্ডের কড়া মার্কিংয়ে ১২০ মিনিট কার্যত বোতলবন্দি হয়ে রইলেন ৩৯ বছর বয়সী অধিনায়ক। মাঠের বুকে যখনই তিনি বল পাচ্ছিলেন, তখনই মেটলাইফের স্তব্ধ গ্যালারি এক কঠিন বাস্তবতা উপলব্ধি করছিল — "মেসি" তো স্রেফ এক "মানুষ", কোনো "ভগবান নন"! ঈশ্বরের পক্ষেও হয়তো সম্ভব নয় এমন এক ছন্নছাড়া, সৃষ্টিশীলতাহীন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একাকী কোনো অলৌকিক রূপকথা লিখে ফেলা। দলের বাকি অংশের দৈন্যদশা যখন নগ্ন, তখন "মানুষ" মেসির জাদুর কাঠিও তার কার্যকারিতা হারায়।
পুরো ম্যাচে আর্জেন্টিনা মাত্র ২টি শট্ নেওয়ার সুযোগ পেয়েছিল, যার মধ্যে ১টি ছিল অধিনায়কের নিজের। ১২০ মিনিটে মেসির অবদান বলতে ছিল—৫৪ বার বল স্পর্শ আর ৩৩টি পাসের মধ্যে ২৭টি সফল পাস। আর সেই বহুল কাঙ্ক্ষিত একমাত্র শট? স্প্যানিশ গোলপোস্টের লক্ষ্যে (On Target) থাকা তো দূরের কথা, ম্যাচের ১১৫ মিনিটে যখন দল ম্যাচ বাঁচানোর জন্য ছটফট করছে, তখন ডি-বক্সের বাইরে থেকে মেসির নেওয়া একমাত্র মরিয়া শটটি স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর মাথায় লেগে স্রেফ প্রতিহত (Blocked) হয়ে যায়। পুরো ম্যাচে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে একটিবারের জন্যও কোনো কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেনি আর্জেন্টিনার আক্রমণভাগ।
⚽ ক্ল্যাইম্যাক্স: ১০৬ মিনিটে 'শার্ক'-এর মরণকামড় ---
অতিরিক্ত সময়। ১০৬ মিনিট। মাঠের প্রতিটি খেলোয়াড়ের পেশি তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে। ঠিক তখনই স্প্যানিশ আক্রমণভাগ আর্জেন্টিনার রক্ষণের শেষ ফাটলটি চিরে ভেতরে ঢুকে গেল। লাইমলাইটের পুরো ফোকাস কেড়ে নিয়ে ধেয়ে এলেন স্প্যানিশ 'শার্ক'—ফেরান তোরেস।
রাইট-ব্যাক পেড্রো পোরোর নিখুঁত ক্রস থেকে নিকো উইলিয়ামসের হেড, আর ডি-বক্সে ওত পেতে থাকা তোরেসের এক বুলেট গতির ফিনিশিং! ১১টি সেভ করে যে গোলরক্ষক এতক্ষণ ম্যাচের আয়ু বাড়াচ্ছিলেন, তোরেসের সেই নিখুঁত শটের সামনে তিনিও পরাস্ত হলেন। ডিবু মার্টিনেজের ১১টি সেভ-এর প্রতিরোধ ভেঙে বল জালে জড়ালে মেটলাইফ স্টেডিয়াম লাল-হলুদ উল্লাসে ফেটে পড়ে। আর্জেন্টিনার জাল কেঁপে উঠল।
🖥️ দৃশ্য ৫: টেকনোলজির গোলকধাঁধা ও ভিএআর (VAR) ড্রামা ---
তবে মেটলাইফের থ্রিলার কেবল মাঠের ওই ১০৬ মিনিটের গোলেই সীমাবদ্ধ ছিল না; আসল নাটকীয়তা জমে উঠেছিল টেকনোলজির ঘরে। রেফারিং এবং ভিএআর (VAR) নিয়ে ম্যাচ জুড়ে তৈরি হলো তীব্র বিতর্ক আর টানটান উত্তেজনা।
● মিকেল মেরিনোর বাতিল গোল: অতিরিক্ত সময়ে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোর একটি চোখধাঁধানো স্ট্রাইক ভিএআর (VAR) বাতিল করে দেয়, কারণ গোল তৈরির বিল্ড-আপ প্রক্রিয়ার সময় স্পেনের একজন খেলোয়াড়ের সূক্ষ্ম ফাউল ধরা পড়েছিল।
● ফেরান তোরেসের অফসাইড বিতর্ক: প্রথম গোলের পর স্প্যানিশ 'শার্ক' ফেরান তোরেস যখন আবারও বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন, তখন সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির অণুবীক্ষণিক লাইনে ধরা পড়ে তাঁর সামান্যতম অফসাইড! তোরেসের সেই ব্যক্তিগত দ্বিতীয় গোলটিও নাকচ করে দেয় ভিএআর।
ভিএআর-এর এই ব্যাক-টু-ব্যাক সিদ্ধান্তগুলো যেন কোণঠাসা আর্জেন্টিনার মুখে সাময়িক অক্সিজেন মাস্ক পরিয়ে দিচ্ছিল। কিন্তু নিয়তি ততক্ষণে নির্ধারিত হয়ে গেছে। মাঠের ভেতর ১০ জনের আর্জেন্টিনার শরীরী ভাষা এতটাই ভেঙে পড়েছিল এবং আক্রমণভাগ এতটাই ভোঁতা ছিল যে, প্রযুক্তির দেওয়া এই জীবনদানগুলোকে পুঁজি করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ন্যূনতম কোনো মানসিক বা শারীরিক শক্তি তাদের অবশিষ্ট ছিল না।
🏆 পুরস্কারের মঞ্চ: কার ঝুলিতে কী ? ---
ম্যাচ শেষে ট্রফি ও মেডেল বিতরণের মঞ্চে স্পেনের রাজত্ব ছিল স্পষ্ট, তবে টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলার সুবাদে আর্জেন্টিনার কিছু ব্যক্তিগত প্রাপ্তিও ছিল:
● বিশ্ব চ্যাম্পিয়ন: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে এটি স্পেনের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।
● গোল্ডেন বল (MVP): পুরো টুর্নামেন্টে মাঝমাঠ শাসন করা স্পেনের রদ্রি জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
● গোল্ডেন বুট: ফ্রান্সের কিলিয়ান এমবাপে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে এই পুরস্কারটি নিজের করে নেন।
● সিলভার বুট ও সিলভার বল: ফাইনালে বোতলবন্দি থাকলেও, পুরো টুর্নামেন্টে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে লিওনেল মেসি এই দুটি পুরস্কার সান্ত্বনা হিসেবে পান।
● গোল্ডেন গ্লাভস: পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করে স্পেনের উনাই সিমন এই পুরস্কার নিজের করে নেন, যাঁর বিরুদ্ধে ফাইনালে আর্জেন্টিনা কোনো শটই অন-টার্গেটে রাখতে পারেনি।
● সেরা তরুণ খেলোয়াড়: স্পেনের উদীয়মান ডিফেন্ডার পাউ কুবার্সি জিতে নেন এই খেতাব।
🎬 ফাইনাল কাট্ ---
লিওনেল মেসির বর্ণময় ও ঐতিহাসিক বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটি শেষ হলো এক চরম বিষাদের মহাকাব্যে। মাঠের খেলায় স্পেনের কাছে পুরোপুরি বিধ্বস্ত ও নিষ্ক্রিয় হয়ে থাকার ক্ষত নিয়েই বিদায় নিতে হলো "মানুষ" মেসিকে। ফাইনালের পর এখন পুরো স্পেনে বইছে আনন্দের জোয়ার, আর মাদ্রিদের রাজপথে বিজয়ী বীরদের বরণ করতে ওপেন-টপ বাস প্যারেডের প্রস্তুতি চলছে। বিশ্ব ফুটবলের সিংহাসন এখন সম্পূর্ণভাবে স্প্যানিশ আর্মাডার দখলে।

মননশীল লেখনী
ReplyDelete