Jul 8, 2026

ফিফা বনাম কেপ্ভার্দে: 'প্রতিশোধের সুপারটিম' গড়ার এক মহাকাব্যিক গাঁথা

Edit Posted by with 4 comments

 


🇨🇻 ফিফা বনাম কেপ্ভার্দে: 'প্রতিশোধের সুপারটিম' গড়ার এক মহাকাব্যিক গাঁথা

✍🏽অয়ন চট্টোপাধ্যায়

     আমার প্রথম স্পোর্টস কলাম (এক চোখের বাজপাখি বনাম বিশ্বচ্যাম্পিয়নদের নাভিশ্বাস: ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় রূপকথা)র হেডিং-এ "রূপকথা" শব্দের ব্যবহারের পর থেকেই মনাকাশে মেঘের দোলাচল চলছিল। তাই তারপর থেকে নতুন কিছু লিখতে গেলেও অজান্তেই যেন কলমটা থেমে যাচ্ছিল। মনের কোণে অজস্র প্রশ্ন বারবার উঁকি দিচ্ছিলো, "রূপকথা" বলে আদৌ কিছু হয় ? নাকি যা কিছু আমাদের সাধারণ হিসেব-নিকেশের বাইরে, আমাদের ধরাছোঁয়ার অসম্ভব অতীত, আমাদের চিন্তাভাবনার উর্দ্ধের সেই সকল লড়াইকে আমরা স্রেফ্ একটা রোম্যান্টিক তকমা দিয়ে দিই ? তাকেই আমরা "রূপকথা" আখ্যায়িত করি ? রূপকথা হলে তার রূপকার কে ? আর যদি রূপকথা না হয়ে এক অলৌকিক বাস্তবতা হয়, তবে এর নেপথ্য কারিগর কে বা কারা ? ইতিহাস বলে, অতীতের অন্ধকার গর্ভেই জন্ম নেয় ভবিষ্যতের আলো। তাই বর্তমানের এই রূপকথাকে ছুঁয়ে দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে, যেখানে এই মহাকাব্যের বীজবপন করা হয়েছিল।

     ফুটবল মহাবিশ্ব আজ কেপ্ভার্দের বিশ্বকাপে পৌঁছানো এবং নকআউট পর্বে যাওয়ার ঘটনাকে একটি অলৌকিক/মিরাকল বা দয়া হিসেবে দেখছে। কিন্তু কড়া বাস্তবতা হলো, আজ থেকে ১২ বছর আগে ২০১৪ সালেই তারা বিশ্বকাপের মূল পর্বের ইঞ্চিখানেক দূরত্বে পৌঁছে গিয়েছিল। শেষ মুহূর্তে ফিফা (FIFA) একটি বিতর্কিত নিষেধাজ্ঞা জারি করে তাদের পুরো প্রজেক্ট ধ্বংস করে দেয়। কিন্তু কেপ্ভার্দে ভয় পেয়ে লুকিয়ে যায়নি, বরং ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে গত ১২ বছর ধরে এমন এক 'সুপারটিম' তৈরি করেছে, যা বিশ্বের বড় বড় দেশগুলোর প্রত্যাখ্যান করা ফুটবলারদের নিয়ে গড়া।

১। ভৌগোলিক নরক ও ফুটবলে নব জন্ম ---

● দাস ব্যবসার কেন্দ্র: পর্তুগিজরা যখন প্রথম এই দ্বীপে পা রাখে, তখন এটি সম্পূর্ণ জনমানবহীন ছিল। পরবর্তীতে এটিকে আটলান্টিক দাস ব্যবসার একটি কেন্দ্রীয় হাবে পরিণত করা হয়।

● প্রকৃতির নির্মমতা: দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পর এটি একটি সম্পূর্ণ পরিত্যক্ত কলোনিতে পরিণত হয়। এখানকার আবহাওয়া এতটাই নৃশংস এবং মাটি এত শুষ্ক ছিল যে কোনো ফসল ফলানো যেত না। একের পর এক খরা ও দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে যে যেভাবে পেরেছে এই দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েজে। স্বাভাবিকভাবেই সেখানে ফুটবল নিয়ে ভাবার সময় বা সুযোগ কারো ছিল না।

● ফিফায় দেরিতে এন্ট্রি: ১৯৭৫ সালে পর্তুগিজদের তাড়িয়ে স্বাধীনতার দিনই তারা জাতীয় স্টেডিয়ামে নিজেদের পতাকা ওড়ালেও ফিফাতে যোগ দিতে তাদের আরও ১১ বছর সময় লেগেছিল—অর্থাৎ অফিশিয়াল স্বীকৃতি পেতে পেতে চলে এলো ১৯৮৬ সাল। আর আফ্রিকান কাপ অফ নেশনস (AFCON)-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে লেগেছিল আরও ৮ বছর, যার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ১৯৯৪ সাল পর্যন্ত!

২। ১৬ বছরের কাইরোস (১৯৯১–২০০৬) ---

     গ্রীক দর্শনে সময়কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। (১) ক্রোনোস (Chronos): এটি হলো ঘড়ির সময়। অর্থাৎ সেকেন্ড, মিনিট, দিন বা বছর—যা একটার পর একটা ধারাবাহিকভাবে কেটে যায় (যেখান থেকে 'ক্রোনোলজি' শব্দটি এসেছে)। (২) কাইরোস (Kairos): এটি ঘড়ির কাঁটা দিয়ে মাপা যায় না। এটি হলো এমন এক বিশেষ সময় বা সন্ধিক্ষণ, যা কোনো কিছুর ইতিহাস বা ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেয়। সহজ কথায়, সঠিক, মোক্ষম বা ভাগ্যনির্ধারক মুহূর্ত। সাধারণ সময়কে পেছনে ফেলে যখন কোনো মুহূর্ত বা যুগ 'মহাকাব্যিক' হয়ে ওঠে, তখন তাকেই দর্শনের ভাষায় 'কাইরোস' বলা হয়!

     চরম বিশৃঙ্খলা আর তীব্র অভাবের মধ্যে, ১৯৯১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে বুট জোড়া তুলে রাখা পর্যন্ত—টানা ১৬ বছর যে একটিমাত্র মানুষ পুরো দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন, তিনি হলেন তাদের তৎকালীন অধিনায়ক এবং বর্তমান ম্যানেজার—বুবিস্তা (Bubista)। 

● ১৯৯১ (মহাজাগ্রত অভিষেক): কেপ্ভার্দে ফুটবল ফেডারেশন ১৯৮৬ সালে ফিফার অফিশিয়াল স্বীকৃতি পাওয়ার ঠিক ৫ বছর পর, ১৯৯১ সালে এক তরুণ ডিফেন্ডার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় বুবিস্তার (Bubista)।

● ১৯৯১ — ২০০০ (১৮২ নম্বর র‌্যাঙ্কিং ও কিটহীন যুগ): এই পুরো দশক জুড়ে কেপ্ভার্দে ফুটবল দল চরম আর্থিক অনটন ও জার্সি-বুটহীন অপেশাদার পরিস্থিতির মধ্য দিয়ে যায়। নতুন সহস্রাব্দের শুরুতে (Turn of the millennium) ২০০০ সালে যখন কেপ্ভার্দে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামে, তখন বিশ্ব ফুটবলে তাদের র‌্যাঙ্কিং ছিল ১৮২ নম্বরে, যার আশেপাশে কোনো বিশ্বকাপের স্বপ্ন থাকাই অসম্ভব ছিল। এই পুরো সময়টায় দলের বিশ্বস্ত দেওয়াল ছিলেন বুবিস্তা। বুবিস্তা নিজের মুখেই বলেছেন, "আমাদের নিজেদের খেলার জন্য কোনো প্রফেশনাল কিট্ বা ঠিকঠাক জার্সি পর্যন্ত ছিল না।"

● ২০০০ — ২০০৬ (অধিনায়কত্বের আর্মব্যান্ড ও রূপান্তরের শুরু): নতুন সহস্রাব্দের শুরু থেকে ওঁর কাঁধে আসে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব। তাঁর নেতৃত্বেই দলটি ধীরে ধীরে হারের বৃত্ত থেকে বেরিয়ে নিজেদের জাত চেনাতে শুরু করে।

● ২০০৬ (খেলোয়াড় হিসেবে বিদায়): ১৯৯১ থেকে টানা ১৬ বছর জাতীয় দলের রক্ষণভাগ ও ড্রেসিংরুমকে এক সুতোয় বেঁধে রাখার পর ২০০৬ সালে বুবিস্তা খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

৩। ২০০৮ - ফিটনেস কোচ ও বৈপ্লবিক পরিকল্পনা ---

● টাকা ছাড়া দল: ২০০৮ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হওয়ার মাত্র এক মাস আগে কেপ্ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে কোনো ম্যানেজার ছিল না, আর নতুন কাউকে রাখার মতো টাকাও ছিল না।

● কোচ হলেন ফিটনেস ট্রেনার: উপায় না দেখে তারা দলের তৎকালীন ফিটনেস কোচকে পুরো স্কোয়াডের প্রধান ম্যানেজারের দায়িত্ব দেয়। তবে ফেডারেশন একটি বিশেষ শর্ত জুড়ে দেয়—ফিটনেস কোচকে তাঁর 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার' নিজে বেছে নিতে হবে। কারণ আড়ালে ফেডারেশন বুবিস্তাকেই এই পদের জন্য চেয়েছিল, তারা জানত একমাত্র বুবিস্তাই এই ধ্বংসাবশেষ থেকে দলকে টেনে তুলতে পারেন।

● বিশ্বজুড়ে স্কাউটিংয়ের ছক: বুবিস্তা দায়িত্ব নেওয়ার পরই দল গড়ার এক মাস্টারপ্ল্যান তৈরি করেন। তিনি হিসেব করে দেখেন, মূল দ্বীপে যত কেপ্ভার্দিয়ান থাকেন, তার চেয়ে দ্বিগুণ মানুষ ছড়িয়ে আছেন পুরো বিশ্বে।

● ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় 'What If' বা রক্তের টান: পর্তুগালের কিংবদন্তি নানি (Nani), পিএসজি-র নুনো মেন্দেস (Nuno Mendes), আর্সেনাল লিজেন্ড পাত্রিক ভিয়েরা (Patrick Vieira), ফরাসি মহাতারকা থিয়েরি অঁরি (Thierry Henry), এমনকি নিজের প্রপিতামহীর সূত্রে স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) শরীরেও কেপ ভার্দের রক্ত ছিল-আছে এবং তারা টেকনিক্যালি এই দেশের হয়ে খেলতে পারতেন! 

● ৮০০০ সিটের প্রতিবন্ধকতা: কিন্তু যেখানে দেশের জাতীয় স্টেডিয়ামে মাত্র ৮০০০টি সিট এবং সেটিও কৃত্রিম ঘাসের (Artificial Turf), সেখানে ইউরোপে খেলা বড় তারকাদের রাজি করানো মারাত্মক কঠিন কাজ ছিল। কিন্তু ২০১০ সালে তারা যখন স্টার্টিং ইলেভেনে ৫ জন পর্তুগাল-প্রবাসী প্লেয়ারকে নিয়ে খেলতে নেমে পর্তুগালকে ড্র-তে আটকে দেয়, তখন সবাই বোঝে যে বুবিস্তার এই ফর্মুলা কাজ করতে শুরু করেছে।

৪। প্রথম ওয়াণ্ডারকিড রায়ান মেন্দেস এবং ভোজিনহার আকস্মিক ডেবিউ ---

● লিল ক্লাবের বাজি ও মাহরেজ সংযোগ: কেপ্ভার্দে তাদের প্রথম খাঁটি 'হোমগ্রোন' ওয়াণ্ডারকিড হিসেবে খুঁজে পায় রায়ান মেন্দেস (Ryan Mendes)-কে। মাত্র ১৮ বছর বয়সে তিনি পল পোগবা এবং মেন্দির সাথে ফরাসি ক্লাব 'ল্য হাভ্রে' একাডেমিতে সই করেন। ফুটবল বিশ্বের বিখ্যাত সুপার-স্কাউট স্টিভ ওয়ালশ যেদিন প্রথম রিয়াদ মাহরেজকে আবিষ্কার করেছিলেন, সেদিন তিনি আসলে মাঠে এসেছিলেন এই রায়ান মেন্দেসের খেলা স্কাউট করতে! পরবর্তীতে ফরাসি জায়ান্ট লিল (Lille) ক্লাব যখন ইডেন হ্যাজার্ড (Eden Hazard)-কে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে, তখন তাঁর পরিবর্ত বা রিপ্লেসমেন্ট হিসেবে এই রায়ান মেন্দেসকেই সাইন করানো হয়েছিল।

● ভোজিনহার অগ্নিপরীক্ষা: রায়ানের ওপর ভর করেই কেপ ভার্দে সামুয়েল ইতোর ক্যামেরুনের বিরুদ্ধে তাদের ইতিহাসের সবচেয়ে বড় আফকন (AFCON) প্লে-অফ ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু ম্যাচের ঠিক আগের মুহূর্তে তাদের প্রধান গোলকিপার মারাত্মক চোট পান। বাধ্য হয়ে বুবিস্তা এক অনভিজ্ঞ রুকি গোলকিপারকে ডেবিউ করান—যিনি আর কেউ নন, আমাদের ভোজিনহা (VOZINHA)! ভোজিনহা সেই ম্যাচটি জিতিয়ে দেন এবং কেপ্ভার্দে তাদের প্রথম টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়।

৫। এক চোখের বাজপাখি - ভোজিনহা

● জন্ম ও নামের অদ্ভুত ট্র্যাজেডি: ১৯৮৬ সালের ৩ জুন, কেপ্ভার্দের সাঁও ভিসেন্তে দ্বীপের মিনদেলো (Mindelo) নামক এক বন্দর শহরের অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেয় এই শিশু। তখন মেক্সিকো বিশ্বকাপে বুঁদ হয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। নবজাতকের বাবা ছিলেন আর্জেন্টিনার ঘোর সমর্থক, তিনি চেয়েছিলেন জর্জ ভালদানো (Jorge Valdano)-র নামে ছেলের নাম রাখতে। কিন্তু স্থানীয় প্রশাসনের অদ্ভুত নিয়মের গ্যাঁরাকলে সেই নাম রেজিস্ট্রি করা যায়নি। অগত্যা ক্ষুব্ধ বাবা ওই বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত রাইট-ব্যাক 'জোসিমার'-এর নামানুসারে ছেলের নাম রাখেন—জোসিমার জোসে এভোরা দিয়াস (Josimar José Évora Dias)।

● মা-বাবার লড়াই ও দিদিমার আঁচল (ডাকনামের ইতিহাস): তাঁর শৈশবটা আর পাঁচটা সাধারণ শিশুর মতো মসৃণ ছিল না। বাবা ছিলেন কেপ্ভার্দের সেনাবাহিনীর সাধারণ সৈনিক, আর মায়ের দিন কাটত হাড়ভাঙা খাটুনিতে। মা-বাবার অনুপস্থিতিতে জোসিমার বড় হতে থাকেন ওঁর দাদু আর দিদিমার স্নেহের আঁচলে। কেপ্ভার্দের স্থানীয় ক্রেওল ভাষায় 'Vozinha' শব্দের আক্ষরিক অর্থ হলো 'ছোট্ট দিদিমা' বা 'ঠাকুমা'। পাড়ার খটখটে শুকনো, রুক্ষ পাথুরে জমিতে যখন তিনি নিজের চেয়ে বয়সে বড় ছেলেদের সাথে ফুটবল খেলতেন, তখন কম উচ্চতার কারণে বাকিরা ওনাকে গোলপোস্টে দাঁড় করিয়ে দিয়ে মারাত্মক খ্যাপাত। ম্যাচে গোল খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার সময় ছেলেরা পেছন থেকে চিৎকার করে হাসত আর বলত, "যা, খেলা তো পারিস না, এবার গিয়ে তোর দিদিমার (Vozinha) কোলে লুকিয়ে নালিশ কর!" সেই খ্যাপানো নামটাই যে একদিন বিশ্ব ফুটবলে ওঁর রাজকীয় পরিচয় হয়ে উঠবে, তা সেদিন মিনদেলোর সেই ছেলেগুলো ভাবতেও পারেনি।

● রুটিরুজির যুদ্ধ, 'ইলেকট্রিশিয়ান' জীবন এবং ২৫ বছরের প্রথম চুক্তি: কেপ্ভার্দের স্থানীয় লিগে ফুটবল খেলে তখন সংসার চালানো তো দূর, দু-বেলা অন্নসংস্থান করাই অসম্ভব ছিল। তাই পেটের তাগিদে জোসিমারকে বেছে নিতে হয় এক কঠিন বাস্তব। তিনি দিনের বেলা কড়া রোদে হাড়ভাঙা খাটুনি খেটে ইলেকট্রিশিয়ান (Electrician) হিসেবে কাজ করতেন। একহাতে ইলেকট্রিক লাইনের তার জোড়া দেওয়া আর শর্ট সার্কিটের ঝুঁকি সামলানো, আর বিকেলে সেই হাত দিয়েই শক্ত মাঠে বাজপাখির মতো বল ধরা—এই ছিল ওঁর চেনা রুটিন। অবশেষে ২০১১ সালে, ওঁর ২৫ বছর বয়সে ওঁর ঘরের মাঠের ক্লাব সিএস মিন্দেলেন্সে (CS Mindelense)-র সাথে ওঁর প্রথম আধা-পেশাদার চুক্তি সই হয়। তবে সেই যৎসামান্য টাকায় ইলেকট্রিশিয়ানের কাজ ছাড়ার কোনো উপায় ছিল না ওঁর।

● অ্যাঙ্গোলার প্রোগ্রেসো ক্লাব ও 'VOZINHA' নামের গর্জন: ওঁর আসল ভাগ্যবদল হয় ২০১২ সালের ক্যামেরুন বধের সেই অলৌকিক রাতের পর। ক্যামেরুনের মতো পরাশক্তিকে আটকে দেওয়ার পর ওঁর দিকে নজর পড়ে আন্তর্জাতিক স্কাউটদের। ম্যাচের পরেই, ২৬ বছর বয়সে ওঁর সামনে প্রথম সত্যিকারের পেশাদার বড় চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হয় অ্যাঙ্গোলার শীর্ষ সারির ক্লাব প্রোগ্রেসো দো সাম্বিজাঙ্গা (Progresso do Sambizanga)। এই চুক্তির পরেই তিনি ইলেকট্রিশিয়ানের কাজ পুরোপুরি ছেড়ে ফুল-টাইম ফুটবলার হয়ে ওঠেন। সেই প্রোগ্রেসো ক্লাবে খেলার সময় যখন দলে একই নামের আরেকজন সিনিয়র গোলকিপার ছিলেন, তখন নিজেকে তার থেকে আলাদা করতে জোসিমার নিজের জার্সির পেছনে আভিজাত্যের সাথে ওঁর সেই শৈশবের ডাকনাম 'VOZINHA' লিখে মাঠে নামেন। আজ ৪০ বছর বয়সে এসেও সেই নামটাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ্ভার্দের শেষ দেওয়াল হয়ে সগর্বে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে!

৬। ২০১৪ সালের সেই অভিশপ্ত ফিফা ট্র্যাজেডি ---

     কোয়ার্টার ফাইনালের ঠিক আগে রায়ান মেন্দেস গোড়ালিতে মারাত্মক চোট পান, তাও তিনি দেশের জন্য ইনজুরি নিয়েই খেলেন। এর মাশুল হিসেবে পরবর্তী ৭ মাস তিনি মাঠের বাইরে চলে যান এবং মাত্র ২৪ বছর বয়সে ওঁর ক্যারিয়ার প্রায় শেষ হয়ে আসছিল। রায়ানের অনুপস্থিতিতেই কেপ্ভার্দে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে প্লে-অফে পৌঁছায়, যা ছিল তাদের ইতিহাসের সেরা মুহূর্ত। কিন্তু তখনই প্রবেশ করে ফিফা।

● টেকনিক্যাল ভুলের ফাঁদ: ৩ মাস আগে ইকুয়েটোরিয়াল গিনির বিরুদ্ধে ম্যাচে গিনির এক অবৈধ স্প্যানিশ খেলোয়াড় খেলানোর জন্য ফিফা ম্যাচটি বাতিল করে কেপ্ভার্দেকে ৩ পয়েন্ট উপহার দেয়। কিন্তু সেই বাতিল হওয়া ম্যাচে কেপ ভার্দের ডিফেন্ডার ফার্নান্দো ভারেলা একটি লাল কার্ড এবং ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

● ফিফা বনাম কেপ্ভার্দে: কেপ ভার্দের যুক্তি ছিল—যেহেতু ম্যাচটি অফিশিয়ালি 'বাতিল' (Void) করা হয়েছে, তাই সেই ম্যাচের লাল কার্ডের নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে না। এই ভেবে তারা তিউনিসিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ভারেলাকে মাঠে নামায়। ম্যাচ জিতে যাওয়ার পর ফিফা নিয়ম ভাঙার অভিযোগে কেপ ভার্দের ম্যাচটিও বাতিল ঘোষণা করে এবং তাদের বাদ দিয়ে তিউনিসিয়াকে প্লে-অফে পাঠিয়ে দেয়!

● রেঙ্কিংয়ে সেরা, বিশ্বকাপে নেই: এই ঘটনার পর কেপ্ভার্দে বিশ্ব রেঙ্কিংয়ে ২৭ নম্বরে এবং আফ্রিকার ১ নম্বর দল হওয়া সত্ত্বেও বিশ্বকাপে যেতে পারেনি। এমনকি তারা ট্রপিক্যাল ঝড়ের (Tropical Storm) মধ্যে ম্যাচ খেলে আফকনে অপরাজিত থাকার পরও নকআউটে যেতে পারেনি। হতাশ হয়ে বুবিস্তা ক্লাব ফুটবলের অভিজ্ঞতা নিতে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেন। ওঁর অনুপস্থিতিতে বুর্কিনা ফাসোর কাছে ৪-০ গোলে হেরে কেপ্ভার্দে পুরোপুরি খেই হারিয়ে ফেলে।

৭। স্কাউটিংয়ের চরম উন্মাদনা: লিঙ্কডইন ও অ্যামেচার ফুটবলার ---

     বুবিস্তার অনুপস্থিতিতে ফুটবল ফেডারেশন প্রবাসী খেলোয়াড় খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে:

● জামিরো মন্তেইরো: তারা নেদারল্যান্ডসের সেকেন্ড ডিভিশন থেকে খুঁজে বের করে জামিরো মন্তেইরোকে, যিনি তখন খেলছিলেন বর্তমান লিভারপুল বস আর্নে স্লট (Arne Slot)-এর অধীনে এক রুকি ক্লাবে।

● নুনো দা কোস্তা: স্পোর্টিং একাডেমির গ্র্যাজুয়েট ২৪ বছর বয়সী নুনো দা কোস্তাকে খুঁজে পাওয়া যায়, যিনি তখন ফ্রান্সের পঞ্চম ডিভিশনে সম্পূর্ণ অ্যামেচার (অপেশাদার) ফুটবল খেলছিলেন। ওনাকে দলে নেওয়ার ৪ বছরের মধ্যে তিনি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেন।

● পিকো লোপেজ: তৎকালীন ম্যানেজার রুই আগুয়াস গভীর রাতে ইন্টারনেটে প্লেয়ার খুঁজতে খুঁজতে আয়ারল্যান্ডের 'শ্যামরক রোভার্স'-এর সেন্ট্রাল ডিফেন্ডার পিকো লোপেজের প্রোফাইল পান। তিনি পিকোকে সরাসরি লিঙ্কডইন (LinkedIn)-এ মেসেজ করে জিজ্ঞেস করেন তিনি কেপ ভার্দের হয়ে খেলবেন কি না! ডাবলিনে জন্ম নেওয়া পিকো পর্তুগিজের এক অক্ষরও জানতেন না, তাই ওটাকে ভুয়ো স্প্যাম মেসেজ ভেবে দীর্ঘ ৯ মাস পাত্তাই দেননি। ৯ মাস পর ম্যানেজার আবার মেসেজ করলে পিকো গুগল ট্রান্সলেটের (Google Translate) সাহায্য নিয়ে মেসেজটি বোঝেন এবং অবশেষে কেপ ভার্দে দলে যোগ দেন!

৮। বুবিস্তার রাজকীয় প্রত্যাবর্তন এবং 'ক্রেওল' ভাষার শর্ত ---

● পিকো দলে আসার পরেও কেপ ভার্দে যখন পরের আফকনে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়, তখন ফেডারেশন বুঝতে পারে বুবিস্তাকে স্থায়ীভাবে ফিরিয়ে আনা ছাড়া গতি নেই। বুবিস্তা ফিরেই দাঙ্গাবাজ ড্রেসিংরুমকে এক করতে একটি ঐতিহাসিক নিয়ম জারি করেন:

● "ড্রেসিংরুমে পর্তুগিজ, ফ্রেঞ্চ বা ইংলিশ চলবে না। সমস্ত খেলোয়াড়কে নিজেদের আদি ভাষা 'ক্রেওল' (Creole) বলতে হবে। যারা জানে না, তাদের এই ভাষা শিখতে হবে। যাতে মাঠে নামার আগে প্রতিটা মুহূর্ত তারা মনে রাখে যে তারা আসলে কার জন্য রক্ত ঘাম করছে।"

● বিষক্রিয়ার লড়াই: এই ফর্মুলা ম্যাজিকের মতো কাজ করে। তারা শক্তিশালী ব্রাজিলের অলিম্পিক দলকে হারিয়ে দেয়। একই বছর আফকনের সময় দুটি আলাদা আলাদা হোটেলে দলের অর্ধেক খেলোয়াড় মারাত্মক ফুড পয়জনিং (Food Poisoning)-এর শিকার হওয়া সত্ত্বেও এই ক্রেওল ভাষার আত্মিক টানে তারা নকআউট পর্ব পর্যন্ত খেলে আসে।

● নাইজেরিয়া ম্যাচের কান্না: কিন্তু বিশ্বকাপ প্লে-অফের ঠিক এক ধাপ আগে ডিফেন্ডার স্টিভেন ফোর্টের একটি মারাত্মক ভুলের কারণে নাইজেরিয়া ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় এবং ম্যাচটি ড্র হওয়ায় কেপ ভার্দের স্বপ্ন আবার ভাঙে।

৯। স্বর্ণযুগ এবং কোটি টাকার 'লোগান কোস্তা' ও দুয়ার্তে ভাইরা ---

     নাইজেরিয়া ম্যাচের সেই কান্না আসলে কেপ ভার্দে ফুটবলের এক সোনালী যুগের সূচনা ছিল। পরবর্তী আফকনের আগে বুবিস্তা দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নামান:

● জোবান কাব্রাল: পর্তুগাল জাতীয় দলে খেলার আশায় যিনি বারবার কেপ্ভার্দেকে ফিরীয়ে দিয়েছিলেন, সেই জোবান কাব্রালকে বুবিস্তা দলে টানেন। রূবেন আমোরিম ওনাকে স্পোর্টিং ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার তকমা দিয়েছিলেন, যাঁর ওপর ভর করে স্পোর্টিং ১৪ বছর পর লিগ জিতেছিল।

● জুলিনহো বেচিমোল: জুভেন্টাস এবং এসি মিলান একাডেমির অফার ছেড়ে যিনি রাশিয়ান লিগে খেলতে চলে গিয়েছিলেন, সেই স্ট্রাইকার বেচিমোলকে আনা হয়, যিনি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন।

● লোগান কোস্তা ও মরেইরা: ফ্রান্সের দুই যুব আন্তর্জাতিক তারকাকে রাজি করানো হয়। রাইট-ব্যাক স্টিভেন মরেইরা এমএলএস (MLS)-এর সেরা ডিফেন্ডার হওয়ার দৌড়ে ছিলেন। আর লোগান কোস্তাকে ১৮ মিলিয়ন ইউরোতে ভিলারিয়াল কিনে নেয়, যিনি কেপ ভার্দের ইতিহাসের সবচেয়ে দামি এবং ইউরোপের টপ ৫ লিগে খেলা একমাত্র খেলোয়াড় ছিলেন।

● দুয়ার্তে ভাইদের আবেগ: ডেরয় দুয়ার্তেকে যখন বাছাইপর্বের জন্য ডাকা হয়, তিনি স্পষ্ট জানান—"আমার ভাই ল্যারোস দুয়ার্তেকে ছাড়া আমি একা কোনো টুর্নামেন্ট খেলার কথা কল্পনাও করতে পারি না।" ফেডারেশন শেষ মুহূর্তে ওঁর ভাইকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করে।

🔗 ঐতিহাসিক স্পটলাইট: কাব্রাল পদবীর রক্তঋণ ও এক অনন্য কাকতালীয় সংযোগ --- 

     কেপ্ভার্দে (এবং সামগ্রিকভাবে পর্তুগিজ নামকরণ সংস্কৃতি) অনুযায়ী মাতৃকুল এবং পিতৃকুলের পদবী মিলিয়ে বড় নাম রাখার একটা ঐতিহ্যগত চল আছে। সেই সূত্রে, জাতির জনক আমিলকার লোপেস কাব্রাল-এর সেই দুই ঐতিহাসিক পদবী—'Lopes' এবং 'Cabral'—যখন আজকের প্রজন্মের ফুটবলারদের নামের সাথে কোনো না কোনোভাবে জুড়ে যায়, তখন রূপকথার বৃত্তটা সম্পূর্ণ হয়। ফুটবল মাঠে যিনি ডাচ-বর্ন সেনসেশন হিসেবে জার্মানির ফিফথ্ ডিভিশন থেকে সরাসরি মরিনহোর রোমায় সই করে হইচই ফেলে দিয়েছিলেন, সেই সিডনি কাব্রাল (Sidny Cabral) আর উইঙ্গার জোবান কাব্রাল—এঁরা সবাই আসলে সেই একই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি।

🎖 আমিলকার লোপেস কাব্রাল (Amílcar Lopes Cabral) — ইতিহাসের মহানায়ক ---

     আমিলকার লোপেস কাব্রাল (১৯২৪–১৯৭৩) কোনো ফুটবলার নন, বরং কেপ্ভার্দে এবং গিনিবিসাউয়ের স্বাধীনতার অবিসংবাদিত নেতা, মহান প্যান-আফ্রিকান বিপ্লবী এবং এই দ্বীপরাষ্ট্রের 'জাতির জনক'।

লড়াইয়ের ইতিহাস: পর্তুগিজ সাম্রাজ্যবাদের নৃশংস শৃঙ্খল থেকে কেপ্ভার্দেকে মুক্ত করার জন্য তিনি 'PAIGC' নামক বিপ্লবী দল গঠন করেন। ১৯৭৫ সালের স্বাধীনতার মূল রূপকার ছিলেন এই লোপেস কাব্রাল।

ভাষার লড়াই: বর্তমান কোচ বুবিস্তা ড্রেসিংরুমে যে 'ক্রেওল' (Creole) ভাষাকে বাধ্যতামূলক করেছেন, সেই ক্রেওল ভাষাকে পর্তুগিজদের বিরুদ্ধে আত্মপরিচয় ও প্রতিরোধের মূল হাতিয়ার হিসেবে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং আমিলকার কাব্রাল। ১৯৭৩ সালে স্বাধীনতার ঠিক আগে ওনাকে হত্যা করা হলেও, ওঁর দেখানো পথেই কেপ্ভার্দে স্বাধীন হয়।

⚽ জোবান কাব্রাল (Jovane Cabral) — ফুটবল মাঠের ওয়ান্ডারকিড ---

     আর এই 'জোবান কাব্রাল' হলেন আধুনিক ফুটবল মাঠের তরুণ তুর্কি।

● মাঠের বীরত্ব: তিনি কেপ্ভার্দেতে জন্মালেও ছোটবেলাতেই পর্তুগালে চলে যান এবং স্পোর্টিং লিসবনের হয়ে খেলেন। তৎকালীন স্পোর্টিং বস রূবেন আমোরিম ওনাকে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার মানতেন।

● রক্তের টান: ইউরোপের বুকে বড় হওয়ায় পর্তুগাল জাতীয় দলে খেলার দারুণ সুযোগ ছিল ওঁর সামনে। কিন্তু পর্তুগালের সেই লোভনীয় প্রস্তাবকে বুড়ো আঙুল দেখিয়ে, ওঁর পূর্বপুরুষের দেশ কেপ্ভার্দের 'সুপারটিম'-এ যোগ দিয়ে ফিফার বিরুদ্ধে প্রতিশোধের অন্যতম বড় অস্ত্র হয়ে ওঠেন এই উইঙ্গার।

     ইতিহাসের কী অদ্ভুত পুনরাবৃত্তি! যে কেপ্ভার্দে দ্বীপপুঞ্জকে পর্তুগিজদের ৩০০ বছরের পরাধীনতা থেকে মুক্ত করতে নিজের জীবন দিয়েছিলেন তাদের জাতির জনক আমিলকার লোপেস কাব্রাল; ঠিক ৫০ বছর পর ফুটবল মাঠে সেই পর্তুগিজদের ডেরায় বড় হওয়া ফুটবলারদের ফিরিয়ে এনে, ফিফার অন্যায়ের বিরুদ্ধে একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে কেপ্ভার্দেকে বিশ্বমঞ্চে এক অনন্য সম্মান এনে দিচ্ছেন আরেক কাব্রালরা (জোবান কাব্রাল ও সিডনি কাব্রাল)। অতীতে যিনি ছিলেন রাজনৈতিক স্বাধীনতার রূপকার, আজ এই কাব্রাল-লোপেসরাই (লোগানের ভাইপো লুইস লোপেস সহ) হলেন ফুটবল মাঠের রূপকার! বিষয়টা আজ বিশ্বমঞ্চে প্রদীপ্ত আলোর মতো স্পষ্ট।

১০। দক্ষিণ আফ্রিকার সেই হৃদয়বিদারক ট্র্যাজেডি ও দলের পতন ---

     ৬টি আলাদা দেশে জন্মানো এবং ১৬টি আলাদা লিগের ২৫টি ভিন্ন ক্লাবে খেলা প্লেয়ারদের নিয়ে তৈরি হয় কেপ ভার্দের 'ফাইনাল ফর্ম'। তারা মিশর, ঘানা এবং মোজাম্বিকের গ্রুপে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে স্তব্ধ করে দেয় এবং রাউন্ড অফ ১৬-এ মৌরিতানিয়াকে ছিটকে দেয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫টি শট নিয়েও তারা গোল করতে ব্যর্থ হয়। পেনাল্টি শুটআউটে ভোজিনহা একটি শট ঠেকালেও, দক্ষিণ আফ্রিকার কিপার রনওয়েন উইলিয়ামস একাই ৪টি পেনাল্টি সেভ করে কেপ ভার্দের বুক ভেঙে দেন। এই মারাত্মক ট্রমার পর প্রবীণ স্টোপারার দেখাদেখি ৪০ বছর বয়সী আমাদের ভোজিনহাও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। ওঁদের ছাড়া কেপ ভার্দে পুরোপুরি এতিম হয়ে পড়ে এবং পরবর্তী আফকন কোয়ালিফায়ারে ৬টি ম্যাচের মধ্যে মাত্র ১টি জিতে গ্রুপ টেবিলের একেবারে তলানিতে শেষ করে।

১১। ক্যামেরুন বধ এবং ২০২৬ বিশ্বকাপের টিকিট ---

     বাস্তবতা যখন নরকসম, তখন খেলোয়াড়রা নিজেরা গিয়ে ৪০ বছর বয়সী ভোজিনহাকে বুঝিয়ে ওঁর অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনেন। সাথে যোগ করা হয় সিডনি কাব্রালকে। জার্মানির পঞ্চম ডিভিশনের আধা-অপেশাদার লিগে খেলার সময় এই সিডনির রোজগার ছিল মাসে মাত্র ৮৫০ পাউণ্ড। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, সেই সামান্য টাকায় তাঁর নিজের ভাড়া করা ঘরে একটা পর্দা টাঙানোর পয়সাও জুটত না! সেই কঠিন মাটি কামড়ে পড়ে থাকা সিডনিই মাত্র ৩ বছরের ব্যবধানে সরাসরি 'স্পেশাল ওয়ান' জোসে মরিনহো (Jose Mourinho)-র রোমা ক্লাবে সই করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেন!

     বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৬টি ম্যাচের পর কেপ ভার্দে গ্রুপের শীর্ষে চলে আসে। কিন্তু ফিফা বিশ্বকাপের দল সংখ্যা ৪৮টি করায় নিয়ম ছিল—কেবলমাত্র প্রথম স্থানাধিকারী দলই সরাসরি সুযোগ পাবে। তাদের পরের ম্যাচ ছিল ক্যামেরুনের বিরুদ্ধে, যারা একমাত্র দল হিসেবে তাদের হারিয়েছিল। তার ওপর তাদের সবচেয়ে দামী প্লেয়ার লোগান কোস্তার এসিএল (ACL) টিয়ার হয়ে দল থেকে ছিটকে যান।

● পরিবারের শক্তি: বুবিস্তা লোগানের বিকল্প খোঁজার বদলে ৩৮ বছর বয়সী বুড়ো স্টোপারাকে আবার দলে ফিরিয়ে আনেন। ভোজিনহা সবসময় বলতেন, "আমাদের আসল শক্তি হলো আমরা একে অপরকে পরিবারের মতো দেখি। আর পরিবার মানেই হলো এক প্রজন্ম অন্য প্রজন্মকে পথ দেখাবে।"

● ভাইপোর গোল: সেই ক্যামেরুন ম্যাচের ১ ঘণ্টার মাথায় লোগান কোস্তার আপন কাজিন (ভাইপো), ২৪ বছর বয়সী ডিলান তাভারেস মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একাই ক্যামেরুনের ডিফেন্স চূর্ণ করে গোল করেন, যা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

● স্টোপারার শেষ কামড়: পরের ম্যাচে একটি গোল অন্যায়ভাবে বাতিল হওয়ায় কোয়ালিফিকেশন শেষ ম্যাচ পর্যন্ত আটকে ছিল। কিন্তু শেষ ম্যাচে সেই বুড়ো স্টোপারাই গোল করে কেপ ভার্দের ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন!

     🏆 ২০২৬ বিশ্বকাপ: বিশ্বরেকর্ডের পাতায় এক চোখের বাজপাখি ---

     তারা ফিফার দল বাড়ানোর দয়ায় বিশ্বকাপে আসেনি, তারা আফ্রিকান গ্রুপে ক্যামেরুনের মতো জায়ান্টকে পেছনে ফেলে নিজেদের যোগ্যতায় সেরা হয়ে এসেছে। আর আজ বিশ্বকাপে এসে তারা যে ফুটবল খেলছে, তা ইতিহাস মনে রাখবে।

● ঐতিহাসিক বিশ্বরেকর্ড: ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ভোজিনহা যখন ওঁর ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, ঠিক তখন কেপ ভার্দের ডিফেন্সিভ লাইন বিশ্বকাপের ইতিহাসের একটি সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে——"বিশ্বকাপের ইতিহাসে একটি সিঙ্গেল ম্যাচে সবচেয়ে কম ফাউল (Least fouls committed in a match) করার অল-টাইম রেকর্ড" এখন কেপ ভার্দের দখলে!

এই ক্লিন, নিখুঁত এবং নান্দনিক ফুটবল দিয়েই তারা প্রথমে স্পেনকে ড্র-তে আটকে দিয়েছে এবং পরে উরুগুয়েকে প্রাইম-টাইম অ্যাটাকিং ফুটবলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে নকআউটে পৌঁছেছে! ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব বিশ্বজুড়ে যে 'Where is Messi?' স্লোগান তুলে তীব্র ধাক্কাটা দিয়েছিল, তাকে যদি অনেকেই 'কাকতালীয় অঘটন' বলে উড়িয়ে দিয়ে থাকেন, তবে কেপ ভার্দের এই লড়াইকে খাটো করার সাধ্য কারো নেই। এটি কোনো অঘটন নয়—ফিফার অন্যায়ের বিরুদ্ধে তিল তিল করে গড়ে তোলা এক চরম প্রতিশোধের রূপকথা। সৌদিদের সেই হুঙ্কার যদি কেবলই একটি ম্যাচের অঘটন হয়ে থাকে, তবে কেপ ভার্দের এই অতিমানবিক দেওয়াল আলবিসেলেস্তেদের জন্য এক দীর্ঘমেয়াদী দুঃস্বপ্ন। আর আজ, সেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি দাঁড়িয়ে ফুটবল ঈশ্বরের তথাকথিত "ভগবানেরও" হাঁফ ধরিয়ে দিয়েছে এই সুপারটিম!

     এই মহাকাব্যিক লড়াইয়ের ইতিহাস জানার পর ভোজিনহা আর তাঁর দলের প্রতি সম্মান আরও বহুগুণ বেড়ে যেতে বাধ্য!

4 comments:

  1. CAPE VERDE র প্রতি যথার্থ সম্মান, দারুণ সুন্দর গোছানো লেখা, 2nd sports Column বলে মনেই হচ্ছেনা। অনেক অনেক ধন্যবাদ লেখককে এতো কিছু তুলে ধরার জন্য।

    ReplyDelete
    Replies
    1. अयनः चट्टोपाध्यायःJuly 10, 2026 at 2:41 PM

      লেখাটি পড়ার জন্য ধন্যবাদ 🙏🏼
      আমার লেখা বিভিন্ন কলাম পড়তে কমেন্ট বক্সের ওপরে HOME এতে ক্লিক করতে পারেন। আরো কলাম আসছে শীঘ্রই।

      Delete
  2. হৃত্বিকJuly 10, 2026 at 2:34 PM

    Too informative, অনেকদিন বাদে এতোটা details এ কোনো স্পোর্টসের লেখা দেখলাম, পড়লাম এবং মানসিকভাবে তৃপ্তি পেলাম।

    ReplyDelete
    Replies
    1. সমৃদ্ধি পালJuly 10, 2026 at 2:43 PM

      সমৃদ্ধ হলাম, মুগ্ধ হলাম, অশেষ তৃপ্ত হলাম।

      Delete